
রংপুরের পীরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে নয়জন রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং রামনাথপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে আরও চারজনকে শনাক্ত করে মেডিকেল টিম।
শনাক্ত রোগীরা হলেন—আশুরা বেওয়া (৬৫), রবিউল ইসলাম (৫৫), শহীদ মিয়া (২৩), শরিফ মিয়া (২২), খাসা মিয়া (৫২), শিল্পী খাতুন (২৮), আল মামুন মিয়া (১৬), খোরশেদ আলী (২৫) ও রওহাবুল মিয়া (৩২)।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অ্যানথ্রাক্স উপসর্গের কয়েকজন রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরে সম্ভাব্য সংক্রমণ এলাকা দ্বারিয়াপুরে চার সদস্যের মেডিকেল টিম পাঠানো হলে আরও চারজনকে শনাক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর আশুরা বেওয়া নামের এক নারী তাঁর অসুস্থ গরু জবাই করে মাংস বিতরণ করেন। তিন দিন পর তাঁর ও অন্য কয়েকজনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা বলেন, “অ্যানথ্রাক্স উপসর্গের নয়জন রোগী শনাক্ত হয়েছে। এটি সাধারণত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়, তবে মানুষের মধ্যে সহজে ছড়ায় না। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।”
সিএনআই/২৫