
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন ৪ নম্বর আসামি
বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর আবারও আলোচনায় এসেছে তাঁর রহস্যময় মৃত্যু। এবার ‘অপমৃত্যু’ নয়, হত্যা মামলা হয়েছে এই ঘটনাকে ঘিরে।
সোমবার (২০ অক্টোবর) রাতে ঢাকার রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এই নতুন মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। তালিকায় আরও আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, এবং চলচ্চিত্রের খলনায়ক ডন, যিনি মামলার ৪ নম্বর আসামি। মামলায় মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে, পাশাপাশি কয়েকজন অজ্ঞাতনামাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে একই দিনে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর আগের অপমৃত্যু মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন এবং এটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আদেশ দেন।
মামলার পর আলমগীর কুমকুম বলেন, “সালমানের বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি জীবদ্দশায় বহু চেষ্টা করেছেন এই মামলাকে হত্যা মামলা হিসেবে নিতে, কিন্তু পারেননি। অবশেষে এখন সেই পদক্ষেপ নেওয়া গেল। ইনশাআল্লাহ, সত্য প্রমাণ হবে।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসা থেকে সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই আত্মহত্যা নাকি হত্যা—এই প্রশ্নে তোলপাড় হয় দেশ।
নতুন এই মামলা নিয়ে সালমান শাহ ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে আশা করছেন—এবার হয়তো সত্যিটা প্রকাশ পাবে।
সিএনআই/২৫