
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার আর কোরবানি হচ্ছে না। বিরল প্রজাতির এই মহিষটিকে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে নিয়ে যাওয়া হয়েছে কেরানীগঞ্জ মডেল থানায়।
বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মহিষটিকে থানায় নেওয়া হয়। বিষয়টি ঘিরে এলাকায় উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুছ বলেন, ‘মালিকের বাসা থেকে মহিষটিকে ফেরত আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী হওয়ায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’
একাধিক সূত্র জানায়, নারায়ণগঞ্জের একটি খামারে জন্ম নেওয়া অ্যালবিনো জাতের এই মহিষটি শুরু থেকেই মানুষের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। মহিষটিকে একনজর দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছিল সাধারণ মানুষ। সম্প্রতি বিক্রির পর সেটিকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে— এমন আশঙ্কা থেকে নিরাপত্তা উদ্বেগ দেখা দেয়।
পরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার নির্দেশনায় ক্রেতাকে পরিশোধিত অর্থ ফেরত দিয়ে মহিষটিকে আবার ফিরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জননিরাপত্তা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে লালন-পালন করা হবে।’
উল্লেখ্য, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই বিরল মহিষটি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার জন্ম দেয়। রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মহিষটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।