৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ২ দিনে ট্রেনের ছাদ থেকে পড়ে ২ জনের মৃত্যু আহত ১

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর গ্রামে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে সিলেট-চট্টগ্রাম রেলপথে পরপর দুই দিনে ট্রেনের ছাদ থেকে পড়ে ২ জনের মৃত্যু ও ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার ও শনিবার ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাস্থল শ্রীমঙ্গলের উত্তরসুর গ্রামে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে।

এর আগের দিন শনিবার একই স্থানে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এক তরুণ নিহত ও আরেক তরুণ গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস আহতকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি ঘটনাই চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রেল কর্তৃপক্ষের কাছে ছাদে যাত্রা ঠেকাতে কঠোর নজরদারি ও সচেতনতামূলক প্রচারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন