৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ার মেয়ে সুমাইয়া এবার ফিফা বিশ্বকাপের মঞ্চে

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাটির গন্ধ মেখে এবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে পা রাখতে যাচ্ছেন সুমাইয়া আহমেদ রিদি। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল ভলান্টিয়ার ও অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়ে তিনি কানাডার টরন্টো ভেন্যুতে লাল-সবুজের পতাকা তুলে ধরবেন। তার এই অর্জনে গর্বিত কুলাউড়া, উজ্জ্বল মৌলভীবাজার।

সুমাইয়া আহমেদ রিদি কুলাউড়া সরকারি কলেজের সাবেক ইংরেজি প্রভাষক শাহিন আহমদ ও সাবেক শিক্ষিকা তাহমিনা আক্তার চৌধুরীর কন্যা। শিক্ষক বাবা-মায়ের হাত ধরে ছোটবেলা থেকেই মেধা, শৃঙ্খলা আর নেতৃত্বের শিক্ষা পেয়েছেন তিনি। সেই শিক্ষাই তাকে আজ নিয়ে গেছে বিশ্বমঞ্চে।

কঠিন প্রতিযোগিতা পেরিয়ে লাখো আবেদনকারীর ভিড় ঠেলে ফিফা তাকে বেছে নিয়েছে। এটা শুধু সৌভাগ্য নয়, তার যোগ্যতা, নেতৃত্বগুণ ও বহুভাষিক দক্ষতার স্বীকৃতি।

বাংলা ও ইংরেজির পাশাপাশি সুমাইয়া সাবলীলভাবে ফ্রেঞ্চ, কোরিয়ান ও হিন্দিতে কথা বলতে পারেন। মোট পাঁচটি ভাষায় দক্ষতা তাকে আন্তর্জাতিক পরিবেশে আলাদা মাত্রা দিয়েছে। ফিফা বিশ্বকাপ চলাকালে বিভিন্ন দেশের অতিথি, খেলোয়াড় ও কর্মকর্তাদের সহায়তা ও সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি।

কানাডার সরকারি ভাষা ফ্রেঞ্চে তার দক্ষতা ফিফা কর্তৃপক্ষের কাছে তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। এর আগে তিনি কানাডার ‘ইলেকশন কানাডা’ ও ‘ইলেকশন অন্টারিও’-তে প্রিসাইডিং অফিসার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন।

সুমাইয়া আহমেদ রিদি বলেন, ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে কাজ করার সময় আমি গর্বের সঙ্গে বাংলাদেশ, সিলেট ও কুলাউড়ার প্রতিনিধিত্ব করবো।

বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরতে যাওয়া এই তরুণীর জন্য শুভকামনা জানিয়েছেন দেশের নানা শ্রেণি-পেশার মানুষ। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলেও মনে করছেন অনেকে।

শেয়ার করুন