৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীর শীলকূপে নীলাদ্রি ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি; নগদ অর্থসহ মালামাল লুট

শেয়ার করুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইম বাজার এলাকায় একটি ফার্মেসিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, ওষুধ ও বিভিন্ন মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার বাসিন্দা ওয়াশিংটন বড়ুয়া (৩৮) দীর্ঘদিন ধরে টাইম বাজারে ‘নীলাদ্রি ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছেন। গত ৬ জুন গভীর রাতে অজ্ঞাতনামা চোরের দল দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে চুরি সংঘটিত করে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। পরদিন সকালে দোকান খুলতে এসে দেখেন, দোকানের চাল কেটে ভেতরে প্রবেশ করা হয়েছে এবং নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে বিভিন্ন কোম্পানির প্রায় ৫০ হাজার টাকার ওষুধ, ৬৫ হাজার টাকা নগদ অর্থ, একটি নেবুলাইজার মেশিন ও একটি ডায়াবেটিস মাপার মেশিন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাজার কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দোকানের ভেতর থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি লুঙ্গি উদ্ধার করা হয়, যা আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় ওয়াশিংটন বড়ুয়া বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ করছে।

শেয়ার করুন