৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিষাক্ত রং মিশিয়ে দেশি মাগুর বলে বিক্রি

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় ফার্মে উৎপাদিত মাগুর মাছে বিষাক্ত রং মিশিয়ে দেশি মাগুর হিসেবে বিক্রির চেষ্টাকালে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে জব্দকৃত ৮.৫ কেজি রং মেশানো মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

শুক্রবার ( ৫ জুন) জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূরের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগের একটি টিম জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানে রায়হান মিয়া নামের এক মাছ ব্যবসায়ী ফার্মে উৎপাদিত মাগুর মাছে বিষাক্ত রং মিশিয়ে দেশি মাগুর হিসেবে বিক্রি করছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালত রায়হান মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত প্রায় সাড়ে ৮ কেজি মাছ গর্ত করে মাটির নিচে চাপা দিয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “বিষাক্ত রং মিশিয়ে ফার্মের মাগুর বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালাই। অভিযোগের সত্যতা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ বিনষ্ট করা হয়েছে। এমন প্রতারণা যাতে ভবিষ্যতে না হয়, এজন্য সতর্ক করা হয়েছে। আমাদের এ অভিযান চলবে।”

 

শেয়ার করুন