৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতের সময় টিভি, এসি, ফ্রিজ সুরক্ষিত রাখবেন কীভাবে? জেনে নিন টিপস

শেয়ার করুন

প্রকৃতির খামখেয়ালিপনায় দেশের বিভিন্ন এলাকায় ঝড়, বৃষ্টি এবং তীব্র বজ্রপাতের ঘটনা ঘটছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও দেশের বিভিন্ন অঞ্চলে এই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ধারা বজায় থাকতে পারে। এমন পরিস্থিতিতে শুধু রাস্তাঘাটে সতর্ক থাকাই যথেষ্ট নয়, বরং বাড়ির দামি ইলেকট্রনিক যন্ত্রপাতির সুরক্ষার দিকেও বিশেষ নজর দেওয়া জরুরি। কেননা, ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা এবং হঠাৎ ‘ভোল্টেজ সার্জ’-এর কারণে টিভি, ফ্রিজ, এসি, কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতির বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

ঝড়-বৃষ্টির সময় সবচেয়ে বড় সমস্যা হলো বিদ্যুৎ লাইনে হঠাৎ তৈরি হওয়া উচ্চ ভোল্টেজের সার্জ। এটি মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হলেও এতটাই শক্তিশালী হয় যে মুহূর্তের মধ্যে যেকোনো দামি ডিভাইসের মাদারবোর্ড বা সার্কিট পুড়িয়ে দিতে পারে। অনেকেই মনে করেন, টিভি বা এসিকে রিমোট দিয়ে বন্ধ করে রাখলেই বুঝি তা নিরাপদ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি মস্ত বড় ভুল। বাইরে প্রবল ঝড় ও বজ্রপাত হতে থাকলে ডিভাইসের মূল সুইচ বন্ধ করার পাশাপাশি দেয়ালের সকেট থেকে প্লাগটি সম্পূর্ণ খুলে রাখা উচিত, যাতে বিদ্যুতের তীব্র ঝটকা সরাসরি যন্ত্রে পৌঁছাতে না পারে।

ফ্রিজ এবং এসির মতো যন্ত্রে কম্প্রেসর থাকে, যা ভোল্টেজের মারাত্মক ওঠানামার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যেসব এলাকায় ঘনঘন ভোল্টেজ আপ-ডাউন করে, সেখানে ভালো মানের একটি ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা অত্যন্ত বুদ্ধিমানের কাজ। স্টেবিলাইজার ভোল্টেজকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে যন্ত্রে নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। একইভাবে কম্পিউটার, টিভি বা হোম থিয়েটারের মতো সংবেদনশীল ডিভাইসগুলো সাধারণ এক্সটেনশন বোর্ডের পরিবর্তে ‘সার্জ প্রোটেক্টর’ যুক্ত বোর্ডে লাগানো উচিত, যা আচমকা আসা অতিরিক্ত ভোল্টেজকে নিজের মধ্যে শুষে নিয়ে ডিভাইসকে রক্ষা করে।

আজকাল বাসা থেকে অফিসের কাজ বা পড়াশোনার জন্য কম্পিউটার ও ইন্টারনেট রাউটার অবিচ্ছেদ্য অংশ। ঝড়-বৃষ্টির সময় কম্পিউটারের সুরক্ষায় ইউপিএস সবচেয়ে ভালো বিকল্প হিসেবে কাজ করে। এটি কেবল বিদ্যুৎ চলে যাওয়ার পর ব্যাকআপই দেয় না, বরং বিদ্যুৎ সরবরাহকে ফিল্টার করে হার্ডওয়্যারকে নিরাপদ রাখে। তবে শুধু ঝড়-বৃষ্টির সময়ই নয়, বিদ্যুৎ চলে যাওয়ার পর যখন আবার ফিরে আসে, তখনও বিশেষ সতর্কতা প্রয়োজন। বিদ্যুৎ আসামাত্রই এসি বা ফ্রিজ চালু করা উচিত নয়। কারণ প্রথম কয়েক মিনিট ভোল্টেজ স্থিতিশীল থাকে না। তাই বিদ্যুৎ আসার অন্তত ২ থেকে ৩ মিনিট পর বড় যন্ত্রগুলো চালু করা নিরাপদ।

ইলেকট্রনিক যন্ত্রপাতির দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য বাড়ির আর্থিং সিস্টেম এবং ওয়্যারিং ঠিক আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করা উচিত। সঠিক আর্থিং ব্যবস্থা না থাকলে বজ্রপাতের ক্ষতিকর প্রভাব সরাসরি যন্ত্রের ওপর আছড়ে পড়ে। তাই একটু সচেতন হয়ে ঝড়-বৃষ্টির সময় প্লাগ খুলে রাখা, ভালো মানের স্টেবিলাইজার ব্যবহার করা এবং বিদ্যুৎ ফেরার পর কিছুক্ষণ অপেক্ষা করার মতো ছোট ছোট অভ্যাসগুলো মেনে চললে হাজার হাজার টাকার দামি গ্যাজেটগুলোকে অনাকাঙ্ক্ষিত ক্ষতির হাত থেকে অনায়াসে রক্ষা করা সম্ভব।

শেয়ার করুন