
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা কার হাতে উঠবে—এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিবিদদের এক জরিপে উঠে এসেছে চমকপ্রদ পূর্বাভাস। তাদের মতে, আগামী ১৯ জুলাইয়ের ফাইনালে স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স।
বার্তা সংস্থা রয়টার্সের পরিচালিত জরিপে প্রায় সব মহাদেশের ১৬০ জন অর্থনীতিবিদ অংশ নেন। ১১ মে থেকে ৫ জুন পর্যন্ত পরিচালিত এই জরিপে ৩৫ শতাংশ অংশগ্রহণকারী ফ্রান্সকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নেন। স্পেনকে ভোট দিয়েছেন ৩১ শতাংশ।
জরিপ অনুযায়ী, ফ্রান্সের পর সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর রয়েছে পর্তুগাল ও ইংল্যান্ড।
ফ্রান্স চ্যাম্পিয়ন হলে কোচ দিদিয়ের দেশম নতুন ইতিহাস গড়বেন। ১৯৩৮ সালের পর প্রথম কোচ হিসেবে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন তিনি। পাশাপাশি খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই বিশ্বকাপজয়ী বিরল ব্যক্তিত্ব হিসেবেও নিজের অবস্থান আরো শক্ত করবেন।
জরিপে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল এবং সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট—দুই ক্ষেত্রেই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এমবাপ্পে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে হ্যারি কেইনকে।
বিশ্বকাপে সবচেয়ে বড় চমক দেখাতে পারে কোন দল—এ প্রশ্নে সবচেয়ে বেশি ভোট পেয়েছে নরওয়ে। দলটির পক্ষে ভোট দিয়েছেন ২১ শতাংশ অর্থনীতিবিদ। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান।
অন্যদিকে হতাশাজনক পারফরম্যান্স করতে পারে এমন দল হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ব্রাজিল। জরিপে অংশ নেওয়া প্রায় এক-তৃতীয়াংশ অর্থনীতিবিদ মনে করেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়েই সবচেয়ে বেশি হতাশ হতে পারেন সমর্থকরা। তালিকায় এরপর রয়েছে জার্মানির ও ইংল্যান্ড।
সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভসের সম্ভাব্য দাবিদারদের তালিকায় রয়েছেন ফ্রান্সের মাইক মাইনিয়াঁ, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ এবং স্পেনের উনাই সিমন।
এদিকে বিশ্বকাপের নতুন উদীয়মান তারকা হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন স্পেনের ১৮ বছর বয়সী বিস্ময়বালক লামিনেস ইয়ামাল।
জরিপে অংশ নেওয়া অধিকাংশ অর্থনীতিবিদ জানিয়েছেন, তারা পরিসংখ্যানের চেয়ে নিজেদের অনুভূতি ও ফুটবল-জ্ঞানকে বেশি গুরুত্ব দিয়েছেন। ৭৩ শতাংশ বলেছেন, তাদের পূর্বাভাস এসেছে মূলত ‘গাট ফিলিং’ বা অন্তর্দৃষ্টি থেকে।
তবে মজার বিষয় হলো, ৬০ শতাংশের বেশি অর্থনীতিবিদ মনে করেন— মুদ্রাস্ফীতির পূর্বাভাস দেওয়ার চেয়েও বিশ্বকাপের ফল অনুমান করা কঠিন!