
তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তবলিপাড়া যুব উন্নয়ন সমবায় সংগঠনের উদ্যোগে ২০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এই মানবিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ক্ষুদ্র উদ্যোগের লক্ষ্য ছিল কিছু মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করা।
সংগঠনের কার্যকরী সদস্য মুহাম্মদ নুরুল আমিন বলেন, আমরা সবসময় চেষ্টা করি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। ঈদের আনন্দ যেন কেউ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য থেকেই আমাদের এই উদ্যোগ।
অপর কার্যকরী সদস্য আব্দু শুক্কুর বলেন, মানবতার জন্য কাজ করা শুধু দায়িত্ব নয়, এটা আমাদের নৈতিক অঙ্গীকার। আজকের এই আয়োজন প্রমাণ করে- একতা ও আন্তরিকতা থাকলে ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। আমরা চাই, এই ভালোবাসার ধারাটা ভবিষ্যতেও অব্যাহত থাকুক এবং আরও বেশি মানুষ এর সাথে সম্পৃক্ত হোক।
পাশাপাশি প্রবাসী সদস্যদের প্রধান প্রতিনিধি আব্দুল আজিজ বলেন, প্রবাসে থেকেও আমরা সবসময় নিজের এলাকার মানুষের পাশে থাকতে চাই। এই ঈদ ফুড প্যাক কার্যক্রমে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমাদের সম্মিলিত এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, যাতে সমাজের আরও বেশি অসহায় মানুষের মুখে হাসি ফোটানো যায়।
সংগঠনের সাথে দেশের পাশাপাশি বিভিন্ন প্রবাসী সদস্যও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। প্রবাসী ও দেশ অবস্থানরত সদস্যদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন নুরুল আমিন, কফিল উদ্দিন, কছির উদ্দিন, নুর মোহাম্মদ, আব্দু শুক্কুর, বাদশা আলম, জহির উদ্দিনসহ আরো প্রমুখ মান্যগণ্য ব্যক্তিবর্গ ও সমাজের সর্দারগণ।
এছাড়া, এই মহৎ উদ্যোগ সফল করতে যারা সহযোগিতা করেছেন-সকল দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।