২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

শেয়ার করুন

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার (২০ মার্চ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শনিবার (২১ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল বুধবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সেখানে আগামীকাল শুক্রবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। সে হিসেবে তখনই ধারণা করা হচ্ছিল, এবার বাংলাদেশে ঈদ শনিবার পালিত হবে। সাধারণত সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে রোজা শুরু হয় এবং ঈদ পালিত হয়।

তবে এবার ঈদ নিয়ে মুসলিম বিশ্বে স্পষ্ট বিভক্তি দেখা যাচ্ছে। টানা তিন দিন ঈদ উদযাপন করতে যাচ্ছেন মুসলিমরা। আজ বৃহস্পতিবার তিনটি দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। দেশগুলো হলো আফগানিস্তান, নাইজার ও মালি। তাদের সঙ্গে মিলে চাঁদপুরের একটি গ্রামেও ঈদ পালিত হয়েছে। তবে সেখানে ঈদ জামাতে উপস্থিত ছিলেন মাত্র সাতজন মুসল্লি।

শেয়ার করুন