
সাতক্ষীরায় একইদিনে পৃথক স্থান থেকে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) ভোররাতে শহরের কাটিয়া ও রসুলপুর এলাকায় এই দুটি ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন— তরুণ চিকিৎসক ডা. সজীব দত্ত (২৭) ও কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৪৮)।
জানা যায়, শহরের কাটিয়া এলাকায় নিজ বাড়ি থেকে ডা. সজীব দত্ত (২৭) নামের এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। সম্প্রতি উচ্চতর পড়াশোনার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং কিছুদিন আগে দেশে ফেরেন।
সজীবের বাবা তপন কুমার দত্ত জানান, মঙ্গলবার রাতে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে তার মা দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে ছেলেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এদিকে একই সময়ে শহরের কদমতলা বাজারসংলগ্ন রসুলপুর এলাকায় আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় একটি বাড়িতে নৈশপ্রহরী ও কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। সেখানেই তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
স্বজনদের ভাষ্য, ভোররাতে সেহরির খাবার খাওয়ার পরই কোনো একসময় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।
পুলিশ জানায়, খবর পেয়ে বুধবার দুপুরের দিকে মরদেহ দুটি উদ্ধার করে। এসব ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। দুটি ঘটনাকেই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশনস) সুশান্ত ঘোষ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।