২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

খুমেক হাসপাতালের রান্নাঘরে মাংস উধাও অভিযোগে তদন্ত দাবি নাগরিক সমাজের

শেয়ার করুন

শেখ শাহরিয়ার, খুলনা প্রতিনিধি:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবার থেকে মাংস সরিয়ে নেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বিষয়টি ঘিরে উদ্বেগ প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে খুলনা নাগরিক সমাজ।

সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার এক যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যমে একাধিকবার অভিযোগটি প্রকাশ পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় প্রশ্ন তৈরি হয়েছে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজেও রান্না করা মাংস সরিয়ে নেওয়ার চিত্র উঠে এসেছে বলে তারা উল্লেখ করেন।

নেতৃবৃন্দের ভাষ্য, হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার থেকে এ ধরনের অনিয়ম শুধু অনৈতিকই নয়, এটি সরাসরি জনস্বার্থের পরিপন্থী। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রকাশ্যে আসা ঘটনার বাইরেও আরও অনিয়ম থেকে যেতে পারে, যা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

বিবৃতিতে হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় কঠোর নজরদারি জোরদার, রান্নাঘরের কার্যক্রমে নিয়মিত মনিটরিং এবং সাম্প্রতিক ও পূর্বের ঘটনাগুলোর পূর্ণাঙ্গ অনুসন্ধান দাবি করা হয়। পাশাপাশি রোগীদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী যাতে সঠিকভাবে ব্যবহৃত হয় এবং সরকারি সম্পদের অপচয় বা আত্মসাৎ বন্ধ হয়, সে লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন