
লশেখ শাহরিয়ার, খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীতে তারাবির নামাজ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫)। ঘটনার পাঁচ দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। পরিবার বলছে, রহস্যজনক এই নিখোঁজের ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছে।
নিখোঁজ সুজন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান–এর জামাতা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি রাতে নিজ বাসায় ইফতার শেষে বিশ্রাম নিয়ে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তিনি নগরীর পুলিশ লাইনস জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন। নামাজ শেষে প্রায় আধাঘণ্টা পর মসজিদ থেকে বের হওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এরপর থেকেই তার আর কোনো অবস্থান শনাক্ত করা যায়নি।
পরিবারের দাবি, আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হলেও অনেক ক্যামেরা অচল থাকায় সুজনের পরবর্তী গতিবিধি জানা সম্ভব হয়নি। মসজিদের সামনে থেকে এভাবে নিখোঁজ হয়ে যাওয়াকে তারা ‘অত্যন্ত রহস্যজনক’ বলে মনে করছেন।
সুজনের বাবা কাজী আব্দুস সোবহান বুধবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ওই রাতেই আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হয়। কোনো তথ্য না পেয়ে পরদিন ২২ ফেব্রুয়ারি খুলনা সদর থানা–য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
তিনি দাবি করেন, তার ছেলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। ব্যবসা প্রতিষ্ঠান ও বাসার বাইরে খুব একটা যেতেন না। তার বিরুদ্ধে কোনো মামলা বা ব্যক্তিগত বিরোধও নেই। ২০২৩-২৪ অর্থবছরে খুলনা অঞ্চলের সর্বোচ্চ করদাতা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
নিখোঁজের ঘটনায় পরিবারে নেমে এসেছে শোক ও উদ্বেগের ছায়া। সুজনের মা অসুস্থ হয়ে পড়েছেন। স্ত্রী ও পাঁচ বছরের একমাত্র সন্তান মানসিকভাবে ভেঙে পড়েছে বলে পরিবার জানায়।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দ্রুত তদন্ত জোরদার করে সুজনকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।