দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরার পাশাপাশি বিদেশি ঋণ পরিশোধে সক্ষমতা বেড়েছে বাংলাদেশের। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত তিন মাসে দেশের বিদেশি ঋণের পরিমাণ প্রায় ১৪৫ কোটি ডলার কমেছে। সেপ্টেম্বর শেষে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১ হাজার ২১২ কোটি ডলারে, যা জুন মাসে ছিল ১১ হাজার ৩৫৭ কোটি ডলার। মূলত প্রবাসীদের পাঠানো উচ্চ রেমিট্যান্স প্রবাহ এই ইতিবাচক পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে।
প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে বিদেশি ঋণ কমে ১৯৫৮ কোটি ডলারে নেমেছে। একই সময়ে সরকারি খাতের ঋণেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ২২ ডিসেম্বর পর্যন্ত ২৪৩ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের তুলনায় ১৬.২০ শতাংশ বেশি। রেমিট্যান্সের এই প্রবাহের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (BPM6) বেড়ে ২৮.০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং ডলারের দাম ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অর্থ পাচার রোধে কঠোর অবস্থান এবং নিয়মিত ঋণ পরিশোধের সক্ষমতা দেশের অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে এনেছে।
সিএনআই/২৫