
হাজিদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে সৌদিআরবে হজযাত্রীদের জন্য অত্যাধুনিক রোবোবাস চালু করা হয়েছে। মদিনার ঐতিহাসিক কুবা মসজিদের আঙিনায় চালকহীন এ ‘রোবোবাস’ চালু করেছে সৌদি আরবের পরিবহন কর্তৃপক্ষ।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেন্সরনির্ভর এই পরিবেশবান্ধব বাসগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে।
রোবোবাসের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি বৈদ্যুতিক রোবোবাস একবারে ২০ জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে। এতে উন্নত লিডার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ৩৬০ডিগ্রি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই ভিড়ের মাঝে নিরাপদে চলতে সাহায্য করে।
বর্তমানে প্রায় ৭০০ মিটারের একটি নির্দিষ্ট রুটে এটি পরীক্ষামূলকভাবে চলছে। এর কর্মদক্ষতা ও যাত্রী সুরক্ষার বিষয়টি মূল্যায়নের জন্য ৬০ দিনের একটি ট্রায়াল বা পরীক্ষামূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
ভিশন ২০৩০-এর অধীনে স্মার্ট ও টেকসই পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে পবিত্র স্থানগুলোতে হাজিদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।