
উত্তরের ১৬ জেলায় আলু চাষিরা এবার সার সংকটে বিপাকে পড়েছেন। রাজশাহীর বাগমারা উপজেলার দেউলিয়া গ্রামের হাবিবুর রহমান জানিয়েছেন, স্থানীয় অনুমোদিত ডিলার পয়েন্টে সার পাওয়া যাচ্ছে না। প্রয়োজনের তুলনায় কম সার বরাদ্দ পাওয়া ও কালোবাজারি ব্যাপক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রাজশাহী ও রংপুর বিভাগের ৩ লাখ ৪৩ হাজার হেক্টর জমিতে প্রায় ৮৪ লাখ টন আলু উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে। তবে প্রতি বিঘা জমিতে আলু চাষে দরকারি এমওপি, ডিএপি ও টিএসপি সরবরাহ কম হচ্ছে। ফলে চাষিরা বাধ্য হয়ে অতিরিক্ত দামে বিকল্প উৎস থেকে সার কিনছেন।
রাজশাহীর বিভিন্ন ডিলার পয়েন্টে সকাল থেকেই দীর্ঘ সারি দেখা যায়। হাবিবুর রহমান বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, তবে এখনো এক বস্তা সারও পাইনি। অন্যদিকে কৃষি অধিদপ্তরের উপপরিচালক সাবিনা বেগম বলেন, সরকারি বরাদ্দ যথেষ্ট, কিছু কৃষক প্রয়োজনের তিন থেকে চার গুণ বেশি সার ব্যবহার করছেন।
সংকটের কারণে অনেক কৃষক কম সারে আলু রোপণ করছেন, যা মৌসুমের ফলনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কৃষি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, চাষের শুরুতেই সঠিক মাত্রায় সার প্রয়োগ না হলে গাছের প্রাথমিক বৃদ্ধি ব্যাহত হয়।
সিএনআই/২৫