
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় শীতের আমেজ শুরু হয়েছে। সন্ধ্যা নামলেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করে, আর ভোর পর্যন্ত থাকে কনকনে শীতের অনুভূতি।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা এদিন সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায়।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঐতিহাসিকভাবে শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত তেঁতুলিয়াতেই রেকর্ড হয়। নভেম্বরের মধ্যভাগ থেকে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা সুরুজ মিয়া বলেন, “সন্ধ্যা হলেই ঠান্ডা লাগে, রাতে চাদর ছাড়া থাকা যায় না।”
আরেক বাসিন্দা তমিরুল ইসলাম জানান, “ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে কাঁপছে পুরো এলাকা। দিনের বেলায় কিছু রোদ পেলেও তা যথেষ্ট নয়।”
তেঁতুলিয়া ভ্রমণে আসা পর্যটক মুতাসিম বিল্লাহ বলেন, “এখানকার বাতাস অনেক ঠান্ডা, শীতটা এখানে স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে।”
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে তেঁতুলিয়া ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে শীতের প্রকোপও বাড়বে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের কারণে তাপমাত্রা কমেছে। আগামী কয়েকদিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।”
সিএনআই/২৫