
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমভোট পেলে পুনঃভোট আয়োজন করার বিধান এসেছে। এই নতুন নিয়ম গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ-২০২৫ এর অংশ হিসেবে সরকার জারি করেছে। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে।
নতুন আরপিও অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য থাকলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সদস্যরাও এবার প্রার্থী হতে পারবেন না।
তাছাড়া, এবার নির্বাচন সংক্রান্ত অন্যান্য নতুন বিধানগুলো হলো:
-
একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান পুনরায় প্রবর্তিত।
-
নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে।
-
জামানত ৫০,০০০ টাকা নির্ধারণ।
-
আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা জরিমানা।
-
অনিয়ম ধরা পড়লে পুরো আসনের ভোট বাতিল।
-
আইটি সাপোর্টে পোস্টাল ভোটিং পদ্ধতি কার্যকর।
-
হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ব্যবস্থা নেওয়া হবে।
-
আইনশৃঙ্খলাবাহিনীর মধ্যে সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনী অন্তর্ভুক্ত।
ভোটকেন্দ্র প্রস্তুতির দায়িত্ব জেলা নির্বাচন অফিসারের হাতে থাকবে। এছাড়া, রিটার্নিং অফিসার কোনো ভোটগ্রহণ কর্মকর্তাকে বরখাস্ত করলে তা ইসিকে জানাতে হবে। এই সকল বিধান নির্বাচনের স্বচ্ছতা, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনার জন্য জরুরি পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে।
সিএনআই/২৫