
উত্তর কোরিয়ার সাবেক মনোনীত রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। সোমবার ক্যান্সারজনিত জটিলতায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
কিম ইয়ং নাম প্রায় দুই দশক ধরে উত্তর কোরিয়ার সংসদ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করতেন, প্রকৃত ক্ষমতা সবসময়ই কিম পরিবারের হাতে ছিল।
কেসিএনএ জানায়, “কমরেড কিম ইয়ং নাম পার্টি ও দেশের উন্নয়নে অসাধারণ অবদান রেখে ৯৭ বছর বয়সে তার মহৎ জীবন শেষ করেছেন।” মঙ্গলবার সকালে সর্বোচ্চ নেতা কিম জং উন তার মৃতদেহের প্রতি শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।
শক্তিশালী বক্তা ও প্রচারণাধর্মী ভাষণের জন্য পরিচিত কিম ইয়ং নাম প্রায়ই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের অভ্যর্থনা জানাতে দেখা যেতেন। ১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি সংসদের প্রধান ছিলেন।
২০১৮ সালে তিনি কিম জং উনের বোন কিম ইয়ো জংকে সঙ্গে নিয়ে দক্ষিণ কোরিয়ার পিয়ংচাং অলিম্পিকে অংশ নেন, যা দুই কোরিয়ার সম্পর্ককে সাময়িকভাবে উষ্ণ করে তুলেছিল।
কিম ইয়ং নাম পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয় ও মস্কো স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। বয়সজনিত কারণে ২০১৯ সালে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে চো রিয়ং হে-কে সংসদের নতুন প্রধান করা হয়।
সিএনআই/২৫