
আজ ১ নভেম্বর থেকে বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মহল্লা’, যা পরিচালনা করেছেন নাট্যনির্মাতা ফরিদুল হাসান। নাটকটি প্রতি সপ্তাহের শনি, রবি ও সোমবার রাত ৮:৪০ মিনিটে প্রচারিত হবে।
নাটকটি পুরান ঢাকার বহুমুখী জীবনধারা তুলে ধরবে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে শহরের বাহ্যিক চেহারা বদলেছে, তথাপি ঐতিহ্য এখনও বহমান। স্থানীয় বাসিন্দারা এখানকার মূল অভিবাসী হলেও বিভিন্ন কর্মসূত্রে বহু বহিরাগত উপস্থিতি এখানে একদিকে যেমন বৈচিত্র্য এনেছে, ঠিক তেমনি অস্তিত্ব সংকটও তৈরি করেছে। ফরিদুল হাসান এই গল্পগুলো পর্দায় ফুটিয়ে তুলবেন।
নির্মাতা বলেন, “এটি একটি মহল্লার ভালো-মন্দের গল্প। ব্যস্ত রাজধানীতে আমাদের দৈনন্দিন জীবনে মহল্লায় ঘটে যাওয়া ঘটনাগুলো হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।”
ধারাবাহিকে ‘তানপুরা’ শিরোনামের একটি আইটেম গানও রয়েছে। গানটির কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন, সুর ও সংগীতায়োজন করেছেন গায়ক নিজেই, আর কথাগুলো লিখেছেন বিদ্যুৎ রায়। আইটেম গানে পারফর্ম করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা, কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু।

নাটকে অভিনয় করছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রকি খান, মাসুদ মহিউদ্দিন, রেশমি আহমেদ, সহীদ উন নবী, তন্ময় সোহেল, সিয়াম মৃধা, সিয়াম নাসির, আশরাফুল আলম সোহাগ, তানভীর রাহী, ইফতি, সাবা সুস্মিতা, অনন্যা ইসলাম, ইমরান হোসেন আজান, ওয়াহিদ ইকবাল মার্শাল, সাইকা আহমেদ, পলিন, উপমা আহমেদ, আঞ্জুমান মেহেজাবিন, জাবেদ গাজী, আয়েশা নাফিসা, অনুভব মাহবুব প্রমুখ।
নাটকটি পুরান ঢাকার মহল্লার জীবন, সংস্কৃতি ও সংকট-সমৃদ্ধির গল্প দর্শকের সামনে জীবন্তভাবে তুলে ধরবে।
সিনআই/২৫