
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা বা ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে চারটি দেশকে তদন্তে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ‘আমরা প্রথমে ইংল্যান্ডকে এবং পরে অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকে এই ঘটনার তদন্তে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এসব দেশ থেকে বিশেষজ্ঞ দল এসে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করবে।’
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘বিমানবন্দরের ফায়ার সার্ভিস ব্যর্থ হয়নি। তারা যদি ব্যর্থ হতো, তাহলে আগুন নেভাতে পারত না। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন ছড়িয়ে পড়া রোধ করা গেছে।’
তিনি জানান, বিমানবন্দরের অভ্যন্তরে থাকা ফায়ার ইউনিটগুলো চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়, এবং পরবর্তী ২০ মিনিটের মধ্যে অন্যান্য ইউনিটও যোগ দেয়। তবে, কিছু ইউনিট দেরিতে পৌঁছানোয় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে।
এ সময় উপদেষ্টা প্রবাসীদের পাসপোর্ট ফি হ্রাসের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধারা অনেক কষ্টে বিদেশে কাজ করছেন। তাদের পাসপোর্ট ফি কমানোর বিষয়ে আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি।’
তিনি আরও জানান, বিমানবন্দরের গুদামগুলোতে কেমিক্যাল থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে।