
বাংলাদেশকে মালদ্বীপের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেছেন মালদ্বীপের নগর, স্থানীয় সরকার ও গণপূর্তমন্ত্রী আদম শরিফ উমর।
শুক্রবার (২৪ অক্টোবর) মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতে স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ, জনখাত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বাংলাদেশের সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচি থেকে শিক্ষা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন।
হাইকমিশনার নাজমুল ইসলাম মালদ্বীপ সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মানবসম্পদ ও কারিগরি সহায়তা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন। উভয় পক্ষ ভবিষ্যতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে টেকসই অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে একমত হন।
সিএনআই/২৫