২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তির বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে এগোতে হবে : ইউনূস

শেয়ার করুন

জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,

“যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণ করতে চায়, তবে তাকে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে।”

শুক্রবার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে ড. ইউনূস এই মন্তব্য করেন। এ বছর জাতিসংঘের প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উদ্‌যাপিত হচ্ছে।

তিনি বলেন, জাতিসংঘকে আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর হতে হবে, যাতে এটি শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নে নেতৃত্ব দিতে পারে।

ড. ইউনূস আরও বলেন,

“বাংলাদেশ শান্তির সংস্কৃতি ধারণ করে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শান্তিরক্ষা মিশনগুলোতে অংশ নিয়েছে। আমাদের অনেক সাহসী শান্তিরক্ষী শান্তির জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।”

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে বহুপাক্ষিক কূটনীতি কঠিন পরীক্ষার মুখে, এবং চরম জাতীয়তাবাদ ও মানবিক কষ্টের প্রতি উদাসীনতা মানবজাতির অগ্রগতিকে হুমকির মুখে ফেলছে।

গাজায় গণহত্যা ও রোহিঙ্গা নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন,

“এগুলো সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির ভয়াবহ ফল। আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন মনোযোগ এখন অত্যাবশ্যক।”

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, জাতিসংঘ সনদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভয় ও অভাবমুক্ত একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়তে বাংলাদেশ তার ভূমিকা অব্যাহত রাখবে।

সিএনআই/২৫

শেয়ার করুন