
লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান করায় ৩০৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছায়।
ফিরে আসা অনেকেই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টায় লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা প্রতারণা, অপহরণ ও সশস্ত্র গোষ্ঠীর নির্যাতনের শিকার হন।
বিমানবন্দরে ফেরত আসা অভিবাসীদের গ্রহণ ও সহায়তার জন্য উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা। আগমনের পর প্রত্যেককে আইওএম-এর পক্ষ থেকে ভ্রমণ ভাতা, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
ফেরত আসা ব্যক্তিদের অনুরোধ করা হয়, তারা যেন অবৈধ অভিবাসনের ঝুঁকি ও প্রতারণার অভিজ্ঞতা সমাজে শেয়ার করেন, যাতে অন্যরা একই প্রলোভনে না পড়ে।
সরকারি সূত্র জানায়, বর্তমানে লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের উদ্যোগ চলছে। বাংলাদেশ সরকার, লিবিয়ায় দূতাবাস, আইওএম ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিতে কাজ চলছে।
সিএনআই/২৫