
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সহযোগীকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রিমান্ডে নেওয়া তিনজন হলেন—
-
ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মো. আব্দুল আজিজ (৩৯),
-
ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৪),
-
এবং আরামিট পিএলসির এজিএম উৎপল পাল (৫১)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনজনকে কারাগার থেকে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ
দুদকের অভিযোগ অনুযায়ী, সাবেক ভূমিমন্ত্রী তার সহযোগীদের ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেন।
এর মধ্যে—
-
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মহাখালী শাখা থেকে ৪১ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২৮ সেপ্টেম্বর দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন আটজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
-
এছাড়া ইউসিবি পিএলসির ফরেন এক্সচেঞ্জ শাখা থেকে ৬০ কোটি টাকা উৎকোচ গ্রহণের অভিযোগে ২২ সেপ্টেম্বর দুদকের আরেক উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদ পৃথক মামলা দায়ের করেন।
সিএনআই/২৫