২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে প্রয়াত পিন্টুর ভাইয়ের বড় শোডাউন

শেয়ার করুন

রাজধানীর লালবাগ এলাকায় বড় শোডাউন করেছেন অস্ট্রেলিয়া (ভিক্টোরিয়া) বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ মনি। তিনি ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে লালবাগ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

লালবাগ এলাকাটি ঢাকা সংসদীয় আসন-৭ এ পড়েছে। চকবাজার, কোতোয়ালি, বংশাল, কামরাঙ্গীরচর ও লালবাগ নিয়ে এই আসন গঠিত।

গণসংযোগ শেষে রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমার বড় ভাই মরহুম নাসির উদ্দিন আহমেদ পিন্টু ছিলেন সারা বাংলাদেশের গণমানুষের নেতা। উনি শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া দল বিএনপির জন্য তার জীবন উৎসর্গ করেছেন। গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা ও তার দোসররা নাসিরুদ্দিন পিন্টু ভাইয়ের জনপ্রিয়তা এবং আন্দোলন সংগ্রামে উনার বীরত্ব দেখে জেলখানায় অমানুষিক নির্যাতন করার মাধ্যমে হত্যা করেন। আমার ভাই মরহুম নাসির উদ্দিন পিন্টু ভাইয়ের হত্যার বিচার এই বাংলার মাটিতে হতেই হবে।

রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ঢাকা-৭ এর সাধারণ মানুষের জন্য আমি কিছু করতে চাই। দল যদি আমার ওপর বিশ্বাস করে এবং আস্থা রাখে, তাহলে অবশ্যই আমি ঢাকা-৭-কে আমার অভিভাবক দেশনায়ক তারেক রহমানের হাতে উপহার দিতে পারব।

শেয়ার করুন