
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি আবারও আলোচনায়। সম্প্রতি জানা গেছে, তিনি সংগীত জগতের প্রভাবশালী উদ্যোক্তা স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে। বিশেষ করে, কেন সিডনি বারবার নিজের চেয়ে অনেক বেশি বয়সি পুরুষদের প্রতিই আকৃষ্ট হন—এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ২৮ বছর বয়সী সিডনির নতুন প্রেমিক স্কুটার ব্রাউনের বয়স ৪৪ বছর। এর আগে তিনি সাত বছর সম্পর্কে ছিলেন ব্যবসায়ী জনাথন দাভিনোর সঙ্গে, যার বয়স ছিল ৪২। দুজন মিলে তারা এখনো যৌথভাবে পরিচালনা করছেন প্রযোজনা সংস্থা ‘ফিফটি–ফিফটি ফিল্মস’।
সম্পর্কে বয়সের এই বড় পার্থক্য নিয়ে নানা জল্পনা থাকলেও সম্পর্ক বিশেষজ্ঞ ও যৌন–মনোবিজ্ঞানী সোফি রোস মনে করেন, এমন সম্পর্কের পেছনে সাধারণত মানসিক নিরাপত্তা ও আবেগীয় স্থিতির আকাঙ্ক্ষা কাজ করে।
সোফি বলেন, “যারা সম্পর্কে স্থায়িত্ব চান বা অনিশ্চয়তায় ভোগেন, তারা প্রায়ই এমন সঙ্গী খোঁজেন, যিনি স্থির, পরিণত এবং নির্ভরযোগ্য। বড় বয়সের মানুষ সাধারণত সেই নিরাপত্তা দিতে পারেন।”
তিনি আরও বলেন, “সব সময় এটা কোনো মানসিক আঘাতের ফল নয়। অনেকে নিজের বয়সের তুলনায় মানসিকভাবে বেশি পরিণত হন, ফলে সমবয়সিদের সঙ্গে মানিয়ে নিতে পারেন না।”
বর্তমানে সিডনি সুইনি একাধিক বড় বাজেটের চলচ্চিত্রে কাজ করছেন এবং প্রযোজনার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রাখছেন। তার নতুন সম্পর্ক নিয়েও এখন সরগরম বিনোদন অঙ্গন।
সিএনআই/২৫