২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদে দলীয় সংকীর্ণতা পরিহারের আহ্বান ভিপির

শেয়ার করুন

জুলাই সনদ বাস্তবায়নে দলীয় সংকীর্ণতা পরিহার করে জাতীয় স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

সোমবার (৩ নভেম্বর) ডাকসুর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সংবিধান থেকে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এই ত্রুটিপূর্ণ ব্যবস্থা পরিবর্তনে জুলাই আকাঙ্ক্ষার আলোকে ৮৭টি কাঠামোগত সংস্কার প্রস্তাবনা করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, এসব প্রস্তাবের মধ্যে বিএনপি ১৯টি, জামায়াতে ইসলামী ৬টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১টি প্রস্তাবে লিখিত আপত্তি দিয়েছে। বিএনপি সরকারি কর্ম কমিশন, ন্যায়পাল, মহাহিসাব নিরীক্ষক নিয়োগ, দুর্নীতি দমন কমিশন এবং আইনজীবী সমিতি নির্বাচনে রাজনৈতিক প্রভাবমুক্তির মতো প্রস্তাবে আপত্তি জানিয়েছে।

বিবৃতিতে ডাকসু ভিপি আরও বলেন, জুলাই সনদকে ঘিরে রাজনৈতিক অসহিষ্ণুতা ও উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণা চলছে, যা প্রজন্মের প্রত্যাশার পরিপন্থী।

তিনি আহ্বান জানান, “জুলাই প্রজন্ম ও দেশের তরুণদের স্বপ্ন পূরণে বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐতিহাসিক ভূমিকা রাখতে হবে। জনগণের চাওয়া-পাওয়া উপেক্ষা করে নয়, বরং একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে হবে।”

শেয়ার করুন