২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাস পর চবি শিক্ষার্থী মামুনের মাথায় বসল খুলি

শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। তিনি দুই মাস আগে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত হন।

শনিবার (১ নভেম্বর) নগরীর পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার ফ্রিজে সংরক্ষিত খুলির অংশ পুনরায় প্রতিস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইসমাঈল হোসেন। চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে মামুনের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে।

আরেক আহত শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমতিয়াজ আহমেদও ফিজিওথেরাপির মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দুজনই দুই মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সংঘর্ষের সূত্রপাত ঘটে ৩০ আগস্ট রাতে, যখন বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকায় এক ছাত্রীকে মারধরের অভিযোগ নিয়ে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় প্রায় চার শতাধিক শিক্ষার্থী আহত হন। গুরুতর জখম হন ইমতিয়াজ ও মামুন। রাতেই তাদের পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মামুনকে ১ সেপ্টেম্বর সাপোর্ট খুলে কেবিনে স্থানান্তর করা হয়। তার খুলির একটি অংশ ফ্রিজে সংরক্ষণ করা হয়। শনিবার তার মাথায় খুলি সফলভাবে প্রতিস্থাপিত হওয়ায় তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন