
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মকর্তারা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে সোমবার (৩ নভেম্বর) জনস্বার্থমূলক বার্তায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত ভোটার, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এই সিস্টেমের মাধ্যমে ভোটে অংশগ্রহণ করতে পারবেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচনেই প্রথমবার প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত থাকলে ডাকযোগে ভোট দিতে পারবেন।
তিনি আরও জানান, আগামী ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা নিবন্ধন শেষ করার নির্দিষ্ট সময় জানতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ভোটারদের পরামর্শ দেওয়া হয়েছে ইসির ওয়েবসাইট www.ecs.gov.bd এবং ইউটিউব চ্যানেল @BangladeshECS পরিদর্শন করার।
সিএনআই/২৫