
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সরকারের অবস্থান ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? তাহলে কীভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?’
জামায়াত আমির বলেন, ‘প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।’ তিনি বলেন, সরকার যদি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয়, তবে দুর্নীতি দমনের ঘোষণা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। একইসঙ্গে তিনি জনগণকে সচেতন ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। মন্ত্রী বলেন, ‘সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়।’