১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপা-দশমিনায় উস্কানিতে না জড়াতে আহ্বান নুরুল হক নুর-এর

শেয়ার করুন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি, হাসিবুর রহমান স্বাধীন:

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি শান্ত ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

বার্তায় নুর উল্লেখ করেন, তিনি সবসময় প্রতিহিংসা, সহিংসতা ও বিভাজনের রাজনীতির বিরোধী। গলাচিপা-দশমিনার ট্রাক প্রতীকের সমর্থক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন—কোনো প্রকার উসকানিতে বিভ্রান্ত না হয়ে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ধৈর্য ও সংযমই সবচেয়ে বড় শক্তি। জনগণের আস্থা ও প্রত্যাশা রক্ষা করতে হলে সংঘাত নয়, সহনশীলতার পথেই এগোতে হবে।

নুর আরও জানান, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই এখন মূল লক্ষ্য। তিনি “ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের গলাচিপা-দশমিনা” গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে এলাকার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

শেয়ার করুন