
তৌহিদ-উল বারী, চট্টগ্রাম প্রতিনিধি
পাকিস্তানের সিন্ধু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “চায়না–পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপেক) ২০২৬” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে অন্যতম মূলবক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র শিক্ষক প্রশান্ত কুমার শীল।
সিন্ধু বিশ্ববিদ্যালয়ের পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক এরিয়া সেন্টারের উদ্যোগে এবং পাকিস্তানের সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজ (সিআইএসএস), সিন্ধু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। এতে অর্থায়ন করে সিন্ধু হায়ার এডুকেশন কমিশন, করাচি। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্স ১১ ও ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক কনফারেন্সে প্রশান্ত কুমার শীল “Bangladesh’s Regime Change and Realignment: An Analysis of China-Pakistan Economic and Political Convergence” শীর্ষক গবেষণা নিবন্ধ উপস্থাপন করেন। তার গবেষণায় তিনি দক্ষিণ ও পূর্ব এশিয়ায় চীন, পাকিস্তান ও বাংলাদেশের ত্রিভুজ বলয়ের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতা ও নিরাপত্তাজনিত জোটের মাধ্যমে এই তিন দেশ পারস্পরিক স্বার্থ সংরক্ষণ এবং ভূখণ্ডগত নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
কনফারেন্সে চীন, হংকং, ইতালি, সিঙ্গাপুর, নাইজেরিয়া, বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক সম্পর্ক ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে সিপিইচি নিয়ে গভীর বিশ্লেষণ ও নীতিগত আলোচনা এই কনফারেন্সের মূল আকর্ষণ ছিল।
উল্লেখ্য, পাকিস্তানের সিন্ধু বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও সুপ্রাচীন পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এই কনফারেন্সটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একাডেমিক আয়োজন হিসেবে বিবেচনা করা হয়।