১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজপথ পেরিয়ে সংসদের পথে দেড় শতাধিক নতুন মুখ

শেয়ার করুন

বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে ২০২৬ সালের এই নির্বাচনটি একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। রাজপথের মিছিলে থাকা লড়াকু ছাত্রনেতা থেকে শুরু করে বিশেষজ্ঞ পেশাজীবী-অনেকেই এবার প্রথমবারের মতো সংসদ সদস্যের মর্যাদা লাভ করেছেন। সংসদীয় বিতর্কে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা বলছেন নতুন সংসদ সদস্যরা।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র মিলে দেড়শতাধিক সংসদ সদস্য প্রথমবার সংসদে যাচ্ছেন।

এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত নাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ রাজনৈতিক জীবনে পর্দার আড়াল থেকে নেতৃত্ব দিলেও এবারই প্রথম সরাসরি ভোটে অংশগ্রহণ করেছেন তিনি। ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদে পা রাখছেন, যা তার রাজনৈতিক ক্যারিয়ারে এক নতুন অধ্যায়।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। তবে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণে চমক দেখিয়ে বিজয়ী হয়েছেন কিংবা প্রথমবারের মতো এমপি হয়েছেন তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক প্রার্থী।

তারেক রহমানের অভিষেক, সঙ্গে প্রথমবার যাচ্ছেন যারা

বিএনপি থেকে প্রথমবার সংসদে যাচ্ছেন-
ঢাকা-১৭ ও বগুড়া-৬ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দিনাজপুর-৬ ডা. এ জেড এম জাহিদ হোসেন, গাজীপুর-৩ ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ফরিদপুর-৩ নায়াবা ইউসূফ চৌধুরী, ফরিদপুর-৪ শহীদুল ইসলাম বাবুল, ময়মনসিংহ-১০ মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, মুন্সিগঞ্জ-২ আবদুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ-৩ কামরুজ্জামান রতন,  চট্টগ্রাম-২ সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ মীর হেলাল, চট্টগ্রাম-৭ হুম্মম কারে চৌধুরী, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ সাঈদ আল নোমান, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আজিজুল বারী হেলাল, কুমিল্লা-১০ অধ্যক্ষ সেলিম ভূইয়া, সিরাজগঞ্জ-৩ ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৫ আমিরুল ইসলাম খান, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত, সিরাজগঞ্জ-৬ এম এ মুহিত, ঝিনাইদহ-১ অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, সুনামগঞ্জ-১ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ মোহাম্ম কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন মিলন, ভোলা-৪ নুরুল ইসলাম নয়ন, পটুয়াখালী-৩ নুরুল হক নুর, পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন, বরিশাল-৪ রাজীব আহসান, গোপালগঞ্জ-২ কে এম বাবর, গোপালগঞ্জ-৩ এস এম জিলানী, গাইবান্ধা-৪ মোহাম্মদ ফারুক আলম সরকার, নওগাঁ-১ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ একরামুল বারী টিপু, নওগাঁ-৬ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, রাজশাহী-৫ অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-১ ফারজানা শারমিন, সিরাজগঞ্জ-৩ আইনুল হক, পাবনা-৫ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, কিশোরগঞ্জ-২ অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, নারায়ণগঞ্জ-১ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ মো. আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ মো. মাসুদুজ্জামান, ফরিদপুর-৩ নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ শহীদুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবর আলী, শরীয়তপুর-১ সাইদ আহমেদ আসলাম, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৬ এমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার-২ সওকত হোসেন সকু, হবিগঞ্জ-২ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ এস এম ফয়সাল, ব্রাহ্মণবাড়িয়া-১ এস এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৫ মো. আব্দুল মান্নান, কুমিল্লা-৫ মো. জসিম উদ্দিন, নোয়াখালী-৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম, পঞ্চগড়-১ মুহাম্মদ নওশাদ জমির,  পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) যারা বিজয়ী হলেন

ঢাকা-১১ নাহিদ ইসলাম, নোয়াখালী-৬ আবদুল হান্নান মাসউদ, কুমিল্লা-৪ হাসনাত আব্দুল্লাহ, রংপুর-৪ আখতার হোসেন, নারায়ণগঞ্জ-৪ আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম-২ ড. আতিক মুজাহিদ।

দলটির নির্বাচিত সবাই প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে সংসদে যাচ্ছেন।

জামায়াত ইসলামী বাংলাদেশ 

এবারের নির্বাচনে বাজিমাত করেছে জামায়াত। দলটির প্রার্থীদের মধ্যে ৬৮জন এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে দলের আমির ডা. শফিকুর রহমান, ঢাকা-১৪ ব্যারিষ্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, পটুয়াখালী-২ শফিকুল ইসলাম মাসুদসহ ৬৫ জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।

গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকীও প্রথমবার সংসদে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান ওলি উল্লাহ বরগুনা-১ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন।

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া ঢাকা-৯ আসনের হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রথমারের মতো জনগণের ভালোবাসা, সমর্থন নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। এই ঋণ শোধ করার সর্বোচ্চ চেষ্টা করবো। এলাকার মানুষের উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতে সবার পরামর্শ মতো কর্মপরিকল্পনা ঠিক করবো। গণতন্ত্রের ভীত মজবুত করতে জাতীয় সংসদে একজন প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করবো।

আর ফরিদপুর-২ আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, অভ্যুত্থান পরিবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নতুন যারা সংসদে যাবেন, তারা সবাই সবার জায়গা থেকে ভালো ভূমিকা রাখবেন আশা করি।

তিনি আরও বলেন, নতুন সদস্যরা একেকজন ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছেন। তারা নিজ-নিজ সেক্টরের কাজের যোগ্যতা ও পারদর্শিতা আছে, সেটাকে কাজে লাগিয়ে দেশকে বিনির্মাণে কাজ করবে। বিশ্বাস করি নতুন সংসদ দেশের উন্নয়ন-অগ্রগতি ও গণতন্ত্র শক্তিশালী করতে সক্ষম হবে।

শেয়ার করুন