
পর্তুগালে চলমান ভয়াবহ বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পর্তুগাল বাংলা প্রেসক্লাব। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনটি রাজধানী লিসবনের পার্শ্ববর্তী অডিভেলাস এলাকার দমকল বাহিনী ‘বম্বেরস’-এর কাছে জরুরি ত্রাণসামগ্রী হস্তান্তর করে।
সংগঠনের সভাপতি রনি মোহাম্মদের নেতৃত্বে উদ্ধারকর্মীদের হাতে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক জাহিদ কায়সার, সাবেক সভাপতি রাসেল আহম্মেদ এবং ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক আর এ ইহসান।
সভাপতি রনি মোহাম্মদ বলেন, ‘পর্তুগাল বাংলা প্রেসক্লাব শুধু সাংবাদিকদের পেশাগত সংগঠন নয়, বরং এটি সামাজিক দায়বদ্ধতার একটি প্ল্যাটফর্ম। পর্তুগালের যেকোনো মানবিক সংকটে আমরা বরাবরই সক্রিয় ছিলাম এবং ভবিষ্যতেও স্থানীয় সমাজের পাশে থাকব।’
গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টানা ঝড় ও বৃষ্টিতে পর্তুগালের জনজীবন বিপর্যস্ত। স্টর্ম লিওনার্দো ও ক্রিস্টিনের প্রভাবে সৃষ্ট এই দুর্যোগে সিভিল প্রোটেকশনের হিসেবে এই পর্যন্ত ১২ হাজার ৪৭৭টি দুর্ঘটনা ঘটেছে এবং প্রায় ১ হাজার ২০০ মানুষ গৃহহীন হয়েছেন।
রাজধানী লিসবনসহ ওস্তে, সান্তারেম ও ট্যাগাস ভ্যালি অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ট্যাগাস, সাডো ও মোনদেগো নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় পার্শ্ববর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বুধবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তর ও মধ্য পর্তুগালে ভূমিধস এবং আকস্মিক বন্যার ঝুঁকি এখনও বিদ্যমান।
পর্তুগালের এই কঠিন সময়ে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের এই উদ্যোগ স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে। অডিভেলাস বম্বেরস সদস্যরা এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের মানবিক কার্যক্রম পর্তুগিজ সমাজের সাথে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সম্পর্ক আরও দৃঢ় করবে।