১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি

শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। এ সময় সড়কে চলাচলকারী মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ি তল্লাশি করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের শিশু মেলা এলাকায় শেরেবাংলা নগরের ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাম্প কমান্ডার মেজর ফুয়াদের নেতৃত্বে এই চেকপোস্ট বসানো হয়।

তিনি সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সড়কে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। এই এলাকায় যত ভোটার আছেন, তারা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে জন্যই আমরা নিয়োজিত আছি। আমরা সকাল থেকে এখানে চেকপোস্ট পরিচালনা করছি। চেকপোস্টে যেসব গাড়ির চলাচল করার কথা নয় এবং সরকার কর্তৃক যেসব যানবাহন সীমিত করা হয়েছে, সেগুলো আটক করে আইনের হাতে সোপর্দ করা হচ্ছে। সকাল থেকে চেকপোস্ট বসিয়ে আমরা বেশ কয়েকটি মোটরসাইকেল পেয়েছি, সেগুলো জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি কেন্দ্রে টহল টিম রয়েছে। ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা হলে সে ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা এটাকে মোটেও কোনো ছাড় দেব না বা প্রশ্রয় দেব না। সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশনে যাব এবং যেকোনো মূল্যে প্রতিহত করব।

শেয়ার করুন