ব্যবহারকারীদের জন্য ২০২৫ সালের নতুন চমক হিসেবে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ (Your Year with ChatGPT) ফিচার চালু করেছে ওপেনএআই। অনেকটা মিউজিক অ্যাপ স্পটিফাই র্যাপডের আদলে তৈরি এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা পুরো বছরজুড়ে চ্যাটজিপিটির সাথে কী কী বিষয়ে আলোচনা করেছেন বা কোন আইডিয়াগুলো বেশি শেয়ার করেছেন, তার একটি চমৎকার সারসংক্ষেপ দেখতে পাবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (X) এক পোস্টের মাধ্যমে এই বিশেষ ফিচারের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ওপেনএআই জানিয়েছে, এই সুবিধা পেতে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ‘সেভ মেমোরি’ এবং ‘চ্যাট হিস্ট্রি’ অপশন দুটি চালু থাকতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা সীমিত পরিসরে এই সুবিধা পাচ্ছেন। ব্যবহারকারীরা নতুন চ্যাট শুরু করে সরাসরি প্রম্পট হিসেবে “Show me my year with ChatGPT” লিখে অথবা অ্যাপের বিশেষ বাটনের মাধ্যমে নিজেদের সারা বছরের চ্যাট হাইলাইটস দেখে নিতে পারবেন। তবে অন্যান্য দেশে এই ফিচারটি কবে নাগাদ পৌঁছাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
সিএনআই/২৫