ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই বার্তা দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগের যুগ্ম সচিব বি শ্যাম হাইকমিশনারের সঙ্গে এই বৈঠক করেন।
বৈঠকে ভারতীয় পক্ষ দাবি করেছে, তদন্ত শেষ হওয়ার আগেই হাদির মৃত্যুর জন্য ভারতকে দায়ী করা সমীচীন নয়। তারা প্রকৃত দোষীদের খুঁজে বের করতে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বাংলাদেশে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার চেষ্টা এবং ভারতে বাংলাদেশি মিশনে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই দিন সকালেও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সিএনআই/২৫