২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ

শেয়ার করুন


বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। আগামী ২৮ ডিসেম্বর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ গ্রহণ করবেন। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। পরে ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে মাস্টার্স সম্পন্ন করেছেন।

শেয়ার করুন