
খুলনায় প্রকাশ্যে গুলির ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা হঠাৎ মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোতালেব শিকদারের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলার পেছনের কারণ ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।
সিএনআই/২৫