২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি ইনকিলাব মঞ্চের

শেয়ার করুন


ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না করে তড়িঘড়ি নির্বাচন আয়োজন করা যাবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, হত্যাকারীরা কারা—তা জাতির সামনে স্পষ্ট না করে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিচার নিশ্চিত না হলে নির্বাচন হবে না বলেও তিনি জানান।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের।

তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বলেন, ‘আপনি বলেছেন, আপনি শরিফ ওসমান হাদিকে ধারণ করেন। কিন্তু জানাজার ময়দানে বা তার পরবর্তী সময়ে একবারের জন্যও বলেননি, এই হত্যার বিচার কীভাবে হবে। এত বড় একটি হত্যাকাণ্ডের পরও বিচারের রূপরেখা আমরা আপনার মুখ থেকে শুনিনি। এতে আপনার অসহায়ত্ব স্পষ্ট হয়েছে। আমরা জানতে চাই, আপনাকে কে বা কারা অসহায় করে তুলেছে।’

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ আর শুধু রক্ত দেবে—এটা হতে পারে না। যারা আমার ভাইকে হত্যা করেছে, তাদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হলে জনগণ রক্ত নেওয়া শুরু করবে। একবার রক্তপাত শুরু হলে তা আর থামানো যাবে না।’

তিনি অবিলম্বে ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী কার্যক্রম গ্রহণযোগ্য হবে না।

সিএনআই/২৫

শেয়ার করুন