
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিশেষ অভিযানের অগ্রগতি সম্পর্কে জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৫:৩০টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, প্রেস ব্রিফিংয়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ সহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ শুরু হয় গত ১৩ ডিসেম্বর। সারা দেশে যৌথবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গত সাত দিনে ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। অভিযান অবৈধ অস্ত্র সংগ্রহ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ফ্যাসিবাদী শক্তি দমনকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
এর আগে শনিবার রাজধানীর শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। তারা ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান, ব্যানার ও ফেস্টুনে তাদের প্রতিবাদ প্রকাশ করেন। সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়।
সিএনআই/২৫