২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা, চারজন আহত

শেয়ার করুন


নোয়াখালীর হাতিয়ায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও নেতাকর্মীদের কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে এই ঘটনা ঘটে। আহত হয়েছেন চারজন—মো. সাহারাজ (৩২), মো. রুবেল (৩৫), মো. মনির (৩৮) ও কবির উদ্দিন মজনু (৪৮)।

চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারী অভিযোগ করেন, ১৩ ডিসেম্বর রাত ৮টায় ব্রিজ বাজারের দক্ষিণ মাথায় একটি চায়ের দোকানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে তাকে কুপিয়ে আহত করা হয়েছিল। চার দিন পর ১৭ ডিসেম্বর তিনি ১৩ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় মামলা দায়ের করেন।

আহত মোজাক্কের বারী জানান, শনিবার সন্ধ্যায় মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেলে আবু তাহেরের অনুসারীরা রাত ৭টার দিকে বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় কৃষকদল নেতা সাহারাজকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং আরও তিনজনকে মারধর করা হয়। একই সঙ্গে কার্যালয়ের চেয়ার ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়।

আক্রান্ত বিএনপি নেতা ফখরুল ইসলাম বলেন, “মামলার এজহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করার বিষয় নিয়ে হট্টগোল শুরু হয়। এরপর আমাদের অফিসে হামলা চালানো হয়।”

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, এটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, রাজনৈতিক হামলা নয়।

সিএনআই/২৫

শেয়ার করুন