২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জকসু নির্বাচনে শিবিরের ২১ দফা ইশতেহার ঘোষণা

শেয়ার করুন


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ তাদের ২১ দফা ইশতেহার ঘোষণা করেছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ইশতেহার পাঠ শুরু করেন। পরে প্যানেলের অন্যান্য প্রার্থীরা পর্যায়ক্রমে পুরো ইশতেহার প্রকাশ করেন।

ইশতেহারের মূল লক্ষ্য হলো আগামী ১২ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা ও বিভিন্ন সংস্কার বাস্তবায়ন করা। এতে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়ন, আবাসন সংকট নিরসন, বর্তমান ক্যাম্পাসের ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিকায়ন, নিরাপদ ও সহিংসতামুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ, আউটপুট বেজড ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, গবেষণা ও উচ্চশিক্ষা প্রসার, শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি ও সেমিনার, স্বাস্থ্যসেবা, নারীর নিরাপত্তা, ছাত্রী হলের সুযোগ-সুবিধা বৃদ্ধি, ন্যায্যমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার, পরিবহন সেবা সম্প্রসারণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম, ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা, ক্যারিয়ার উন্নয়ন ও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

ইশতেহারে র‍্যাগিং, সাইবার বুলিং, মাদক ও সকল ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়নে উচ্চগতির ইন্টারনেট, পেপারলেস প্রশাসন ও অনলাইন পরীক্ষার ফলাফল প্রদানের ব্যবস্থা করা হবে। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা অ্যাপ, নারী নিরাপত্তা সেল, ব্রেস্টফিডিং কর্নার ও মানসিক স্বাস্থ্য সেবার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বৃত্তি, আবাসন ও এক্সেসিবল ক্যাম্পাসের অঙ্গীকারও রয়েছে।

শাখা ছাত্রশিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, “আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যা ও প্রত্যাশা ইশতেহারে তুলে ধরেছি এবং ১২ মাসের মধ্যে ২১ দফা বাস্তবায়নে কাজ করব।”
ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, “আমরা রাজনীতি নয়, নীতি ও ন্যায়ের ভিত্তিতে শিক্ষার্থীবান্ধব ঐক্য গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করব।”

সিএনআই/২৫

শেয়ার করুন