২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার

শেয়ার করুন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার কিছু পরে তিনি হাসপাতালে পৌঁছান।

হাসপাতালে অবস্থানকালে প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর প্রতি দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। তিনি প্রায় আধা ঘণ্টা হাসপাতালে থাকেন এবং খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের অনুরোধ জানান।

হাসপাতাল পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দল এবং পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান।

চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে জানান যে, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই, জনস হপকিন্সসহ যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সকালে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলিও হাসপাতালে পৌঁছান।

চিকিৎসকদের মতে, বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নত ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে আরও বিশেষজ্ঞ মূল্যায়ন প্রয়োজন। সে লক্ষ্যে বিদেশি বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয় এবং ইতোমধ্যে তাদের সঙ্গে প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও পরীক্ষার তথ্য শেয়ার করা হয়েছে।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে চিকিৎসায় নতুন দিকনির্দেশনা আশা করা হচ্ছে। অন্যদিকে খালেদা জিয়ার অসুস্থতায় দলটির কার্যক্রম কিছুটা মন্থর হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন