২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টা

শেয়ার করুন

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাতীয় নিরাপত্তা রক্ষা, সংকটময় সময়ে জনগণের পাশে থাকা এবং জাতি গঠনে বাহিনীর অবদানের প্রশংসা করেন তিনি।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা ও মহামারির মতো সংকটে সশস্ত্র বাহিনীর ত্যাগ ও পেশাদারিত্ব দেশের জনগণের আস্থা অর্জন করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে দেশের সুনাম বাড়ানোর জন্যও তিনি বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীকে দোয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, যাতে ভোটাররা নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

বিজয়ের মাস ডিসেম্বরকে স্মরণ করে তিনি ১৯৭১-এর শহীদ, সব মুক্তিযোদ্ধা, এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।

এনডিসি ও এএফডব্লিউসি স্নাতক সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে এই প্রশিক্ষণ ভবিষ্যতে তাদের আরও সক্ষম করে তুলবে। বিদেশি গ্র্যাজুয়েটদের তিনি বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার আহ্বান জানান।

ন্যাশনাল ডিফেন্স কলেজের অবদান উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, সামরিক ও বেসামরিক নেতৃত্ব তৈরিতে এনডিসি ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোর্স পরিচালনায় সংশ্লিষ্ট শিক্ষক, স্টাফ, বিশেষ বক্তা এবং আন্তর্জাতিক অংশীদারদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

শেষে তিনি আশা প্রকাশ করেন, এনডিসি ভবিষ্যতেও তার মূলমন্ত্র ‘সুরক্ষা থেকে জ্ঞান’ ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে দক্ষ নেতৃত্ব তৈরি করে যাবে।

সিএনআই/২৫

শেয়ার করুন