যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে দাবি করেছিলেন, “২৫ বছর আগের চেয়েও এখন বেশি চাঙ্গা।” কিন্তু কিছুক্ষণ পরই তাকে বারবার ঘুমে ঢলে পড়তে দেখা যায়।
মঙ্গলবার বৈঠকটি চলেছে মোট ২ ঘণ্টা ১৭ মিনিট। এ সময়ে ট্রাম্পকে কয়েকবার চোখ বন্ধ করতে, মাথা নুইয়ে পড়তে এবং মনোযোগ হারাতে দেখা গেছে।
বৈঠকে বিভিন্ন মন্ত্রী ট্রাম্পের প্রশংসা করছিলেন। তবু তিনি চোখ খোলা রাখতে লড়াই করছিলেন। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন বক্তব্য দিচ্ছিলেন, ট্রাম্পের চোখ বন্ধ হয়ে আসে।
এর আগে ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনকে “স্লিপি জো” বলে সমালোচনা করেছিলেন। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস ট্রাম্পের বয়স, কর্মক্ষমতা ও জনসমক্ষে উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। গত মাসেও একটি অনুষ্ঠানে ট্রাম্প ঘুমিয়ে পড়েছিলেন; সেই ভিডিও ভাইরাল হয়।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট পুরো বৈঠক মনোযোগ দিয়ে পরিচালনা করেছেন এবং তার স্বাস্থ্য ভালো আছে। কয়েক দিন আগে ট্রাম্পের এমআরআই পরীক্ষা করা হয় এবং ফল স্বাভাবিক এসেছে। তবে কেন পরীক্ষা করা হয়েছে তা প্রকাশ করা হয়নি।
৭৯ বছর বয়সী ট্রাম্পের সাম্প্রতিক এ ঘটনার পর জনমনে তার কর্মক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন উত্থাপিত হয়েছে।
সিএনআই/২৫