বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক কমাতে সম্প্রতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব প্রবাসীর বিএমইটি (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, তারা দেশে ট্যাক্স ছাড়া মোট তিনটি মোবাইল ফোন আনতে পারবেন।
গত সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ের অফিস কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের নেতৃত্বে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময়ে ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলে মোবাইল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বিএমইটি কার্ডধারীরা ফ্রিতে তিনটি ফোন আনতে পারবেন, অর্থাৎ নিজের ব্যবহারের হ্যান্ডসেটের সঙ্গে আরও দুটি ফোন আনতে পারবেন ফ্রিতে। চতুর্থ ফোনের ক্ষেত্রে শুল্ক প্রদান করতে হবে।
যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন। মোবাইল ক্রয়ের বৈধ কাগজ সঙ্গে রাখতে হবে, কারণ প্রবাসীদের মধ্যে কিছু লোক চোরাচালানির শিকার হতে পারেন।
এছাড়া, স্মার্টফোনের বৈধ আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হবে। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। শুল্ক কমানো হলে দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে মোবাইল উৎপাদন ও বিক্রিতে সুবিধা হবে এবং বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।
সিএনআই/২৫