
গত ঈদুল ফিতরে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছিল—‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’। এই মধ্যে ‘বরবাদ’ বক্স অফিসে সুপারহিট হলেও ‘অন্তরাত্মা’ প্রচারণার অভাবে প্রেক্ষাগৃহে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি।
তবে এবার হলের ব্যর্থতা কাটিয়ে ওটিটি প্ল্যাটফর্মে নতুন করে দর্শকের সামনে আসছে সিনেমাটি। আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ দেখা যাবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমা।
‘অন্তরাত্মা’ সিনেমাটির শুটিং শেষ হয়েছিল ২০২১ সালে। ওই বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও অজানা কারণে তা আটকে যায়। দীর্ঘ বিরতির পর এই বছর হঠাৎ কোনো প্রচারণা ছাড়াই সিনেমাটি মুক্তি পায়, যা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। ‘বরবাদ’-এর প্রচারণার তুমুল সাফল্যের পাশাপাশি ‘অন্তরাত্মা’-এর প্রচারণাহীনতাই এই ব্যর্থতার প্রধান কারণ।
ওটিটিতে মুক্তির মাধ্যমে প্রযোজনা সংস্থা আশা করছে, হলের দর্শক মিস করলেও শাকিবের ভক্তরা সিনেমাটি ঘরে বসে উপভোগ করতে পারবেন।
সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস ও ঝুনা চৌধুরী। সিনেমাটি তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজিত এবং প্রযোজক সোহানী হোসেন।
সিএনআই/২৫